কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ভাল না হয়। ৫৪ ও ৭০-এর মতো না হলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে মওলানা ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল শহরের সন্তোষে তার মাজারে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, মওলানা ভাসানীর মতো আর মানুষ এই অঞ্চলে আর জন্মাবে কিনা জানি না। সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। একজন অসহায় এতিমের মতো তিনি টাঙ্গাইলে এসেছিলেন। হুজুর ভাসানীসহ যারাই দেশের মানুষের জন্য কাজ করেছে, তাদের কারোরোই যথাযথ মর্যাদা হয়নি। আমরা যে চিন্তা নিয়ে, যে ভালবাসা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে তার কিছুই নাই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না। শুধু কথা ও যা কিছু তা বলতে পারলেই স্বাধীনতা নয়। মানুষের স্বাধীনতা হচ্ছে মানুষের মর্যাদাবোধ, মানবিকবোধ ভালবাসা। সবার কাছে আহ্বান জানাবো মানুষকে ভালবাসতে ও সম্মান জানাতে।
তিনি আরও বলেন, কাগমারি থেকে ভাসানীর মাজার পর্যন্ত আসলাম রাস্তায় তেমন কেউ নেই। মনে হচ্ছিলো দেশটা কেমন ঘুরে গেলো। মানুষের অন্তরে যদি শ্রদ্ধা ভালবাসা থাকতো তাহলে ভাসানীর এখানে দেহ ত্যাগ করা স্বার্থক হতো। মানুষকে সম্মান করতে হবে, প্রবীণদের সম্মান করা শিখতে হবে। মওলানা ভাসানীর মতো মানুষকে যদি আমরা যথাযথ সম্মান দিতে না পারি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে পারবো না। খুব কষ্ট হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গবন্ধু, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা জিয়াউর রহমান, যদি কখনও জাতীয় পার্টি ক্ষমতায় এলে জাতির পিতা হুসেইন মোহাম্মদ এরশাদ হবে। এই যে আমাদের দ্বৈন্দতা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকাসহ নেতৃবৃন্দ।









