জয়পুরহাটে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে গতকাল শুক্রবার থেকে চোখে ছানি পড়া ৫শ রোগীর সম্পূর্ণ বিনা খরচে চোখের অপারেশন, প্রয়োজনীয় চশমা ও ওষুধপত্র প্রদান সহ সপ্তাহব্যাপী ফ্রি আই ক্যাম্প শুরু হয়েছে।
সৌদি আরবের কিং সালমান মানবিক সহায়তা কেন্দ্রের উদ্যোগে ও আল- বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার বিকাল থেকে জয়পুরহাট শহরের মক্কা চক্ষু হাসপাতালে চক্ষু রোগীদের এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে পার্শ্ববর্তী ধামইরহাটের চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে- (আল বাশার ইন্টারন্যাশনাল) ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর- ড.আহমেদ তাহির হামিদ আলীর নেতৃত্বে ১৭ জন বিশেজ্ঞ চিকিৎসকসহ ৮০ সদস্যের মেডিকেল টিম বিনামূল্যে ৫ হাজার চক্ষু রোগীকে পরীক্ষা করে চোখে ছানি পড়া ৫শ চক্ষু রোগী শনাক্ত করেন। বাকি ৪ হাজার ৫শ রোগীকে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সহ সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চোখে ছানি পড়া এ ৫শ রোগীকে দুপুরে চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয় হতে হাসপাতালের নিজস্ব খরচে বাসযোগে জয়পুরহাট শহরের মক্কা চক্ষু হাসপাতালে আনা হয় এবং বিকাল থেকে শুরু হয়েছে তাদের চোখের অপারেশন। চোখের অপারেশনকৃত এ সব রোগীদের দুটি ফলোআপও দেয়া হবে বলে জানান টিম লিডার ডা. সালমান আহমেদ।
উল্লেখ্য, মেডিকেল টিমটি সারাদেশে এ পর্যন্ত বিভিন্ন জেলায় সম্পূর্ন বিনামূল্যে মোট ৮২টি চক্ষু ক্যাম্প সম্পন্ন করেছে বলে জানান মক্কা চক্ষু হাসপাতালের এ টিম লিডার ।









