ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইসরাইল হোসেন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত কয়েক দিন ধরে তিনি জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাত ৯ টার দিকে সে মারা যায়। পরবর্তীতে তাকে দাফন করতে এলে এলাকাবাসী মসজিদের খাটিয়া দিতে অস্বীকৃতি জানায়। খাটিয়া না পেয়ে মাটিতে রেখেই জানাজা পড়ে দাফন সম্পন্ন করা হয়।
মৃত ইসরাইল হোসেন উপজেলার জামাল ইউনিয়নের খানজাপুর গ্রামের মৃত অকিল উদ্দীনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, মারা যাওয়ার পর তার লাশ নেওয়ার জন্য কোন গাড়ী পর্যন্ত পাওয়া যায়নি। তেমন কোন লোকজন ছিল না। লাশ বাড়িতে পৌছিয়ে দেওয়া, জানাযা, দাফনসহ সবকিছুই কয়েকজন তরুণ আলেম ও পুলিশ করেছে বলে তিনি দাবি করেন। পুুলিশের সাথে একজন ডাক্তার, একজন মসজিদের ইমাম ও মৃত ব্যক্তির এক ছেলে ছিল। সকালে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত ইসরাইল হোসেনের জামাই কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার বোরহান উদ্দিন জানান, তার শ্বশুর গত ৪/৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। এছাড়া তার সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। গত শুক্রবার বিকেলে ইসরাইল হোসেন জামাইয়ের বাড়িতে আসে। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এসময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনন্দবাজার/শহক/বুর









