- তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে গুড়া মসলা তৈরির দায়ে তিন হলুদ ও মরিচ উৎপাদনকারি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো- মোশারফ মিলস, তারামা মিলস ও কিরণ হলুদ মিলস।
গত মঙ্গলবার দুপুরে শহরের আটাপট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক শামীম হোসেন।
এসময় শামীম হোসেন বলেন, সামনে কোরবানি ঈদ উপলক্ষে এসব দোকানে ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন অবলম্বন করে ভোক্তাদের সাথে প্রতারনা করে থাকেন। এরই অংশ হিসাবে দুপুরে শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে ভেজাল গুড়া মসলা তৈরির দায়ে মোশারফ মিলসকে ২ হাজার টাকা, তারামা মিলসকে ৩ হাজার টাকা ও কিরণ হলুদ মিলসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।









