করোনা পরিস্থিতির মধ্যেই আসছে আরেকটি ভয়াবহ বিপদ। ভারত ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল। ভারতের হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষি জমিতে নেমে আসতে পারে একদল পঙ্গপাল। এরপরই যাবে বাংলাদেশের দিকে।
প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত যখন প্রাণপণে লড়ে যাচ্ছে তখন দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। এ গ্রীষ্মেই ভারতের কৃষি জমিগুলোতে হামলে পড়তে পারে পঙ্গপাল।
ভারতের সরকারি সূত্র জানায়, দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। একটি হলো চলমান করোনাভাইরাসের বিরুদ্ধে আর অন্যটি হচ্ছে পঙ্গপালকে প্রতিরোধ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
ওই সূত্রটি আরও জানায়, হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের আরেকদলের সঙ্গে যুক্ত হয়ে হানা দিচ্ছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে। এরা ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ আরো কয়েকটি এলাকায় ঢুকছে। অন্যদলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে। উভয় ঝাঁকের সম্মিলিত হামলায় ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিপূর্বে বাংলাদেশে পঙ্গপাল আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করেছিল দেশের কৃষি অধিদপ্তর। পঙ্গপালের বৈশিষ্ট্য হচ্ছে বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী চলাফেরা করা এবং এক জায়গার খাবার ফুরালেই নতুন জায়গার খোঁজ করা। সে কারণেই কৃষি অধিদপ্তরের আশঙ্কা বাংলাদেশেও হানা দিতে পারে ভয়াবহ পঙ্গপাল।
আনন্দবাজার/ টি এস পি









