নরসিংদীর রায়পুরায় শ্রীনিধি রেলস্টেশনের পশ্চিম পাশে চান্দের কান্দি এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৬ ঘন্টার পর মালবাহী ট্রেন উদ্ধার করে রেলওয়ে কতৃপক্ষ। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি রোববার সকাল সাড়ে ৭ টা ৫০ মিনিটে লাইনচ্যুত হয়। ওই সময় ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করে। মালবাহী টেনটি উদ্ধারের কাজের সময় সিলেট ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিলো বলেও জানান নরসিংদীর সিনিয়র স্টেশন মাস্টার এটিএম মুছা।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, মালবাহী ট্রেনটির নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
শ্রীনিধি রেলস্টেশনের কর্মীদের বরাতে এটিএম মুছা বলেন, শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী কন্টেইনার ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় পেছনের একটি বগীর সামনের চাকা খুলে লাইনচ্যুত হয়। আমরা তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খবর পেয়ে ১১ টায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে।
তিনি আরো জানান, বেলা ২টা দিকে মালবাহী ট্রেনটি উদ্ধারের কাজ শেষ হয়েছে। তবে লাইন ক্লিয়ার করতে আরও ১ থেকে ২ ঘন্টা সময় লাগতে পারে। বর্তমানে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।









