করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। বাংলাদেশেও ইতোমধ্যেই অনেকে হারিয়েছেন চাকরি, অনেকে রয়েছেন ঝুঁকিতে। এমনই পরিস্থিতিতে দেশের দেড় কোটিরও বেশি মানুষ চাকরি হারাতে পারে বলে জানিয়েছে গবেষণা সংস্থা পিআরই।
করোনার ক্ষতি কাটাতে ব্যয় সংকোচনের পথে এগোচ্ছে উৎপাদন ও সেবামুখী প্রায় সকল শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। অনেক প্রতিষ্ঠানই হাঁটছে কর্মী ছাঁটাইয়ের পথে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও'র তথ্য মতে, বিশ্বে বর্তমানে কর্মজীবী ৩৩০ কোটি মানুষের মধ্যে করোনার কারণে ক্ষতির মুখে রয়েছে প্রায় ৮১% শতাংশ। অর্থাৎ প্রতি ৫ জনে ক্ষতির মুখে রয়েছে ৪ জন।
এদিকে গবেষণা সংস্থা পিআরই'র জানিয়েছে, দেশে চাকরি হারাতে পারে দেশের দেড় কোটির বেশি মানুষ। আর ক্ষতির মুখে পড়বে প্রায় ৫ কোটি।
বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর জানান, করোনার কারণে সারকুলারগুলো কমে যাচ্ছে। এপ্রিল-মে মাসে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কমেছে। জুন মাসে নরমাল সময়ের তুলনায় ৫০ ভাগের মতো কম। চাকরির খোঁজটা প্রায় ৩০ থেকে ৪০ ভাগ কমেছে।
অর্থনীতিবিদ নাজনীন আহমেদ জানান, করোনা পরবর্তী সময়ে যে নতুন ধরণের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আমাদের শর্ট টার্ম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস'র তথ্য অনুযায়ী, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১১ কোটি আর শ্রমবাজারে রয়েছেন প্রায় সাড়ে ৬ কোটি।
আনন্দবাজার/ডব্লিউ এস









