পদ্মায় তীব্র স্রোতের কারণে নৌপথে যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল করতে না পারায় ছোট ফেরি সন্ধ্যা মালতি বসে আছে। তাছাড়াও দীর্ঘ কয়েক মাস যাবৎ ইঞ্জিনে ত্রুটি থাকায় মেরামত কারখানা মধুমতিতে পড়ে রয়েছে বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। যার কারণে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে আগত যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ১১ জুলাই সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৩০ থেকে ৪০টি বাস রয়েছে।
এসময় তিনি আরও জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নৌপথে চলতে পারছে না ছোট ফেরি সন্ধ্যা মালতি। আর দীর্ঘ কয়েক মাস ধরে মেরামতে রয়েছে বড় ফেরি হামিদুর রহমান। যার জন্য নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি জমে যাচ্ছে বলে জানান তিনি।
পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানা মধুমতির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, আরও বেশ কিছুদিন লাগবে বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেরামত সম্পন্ন হতে। তবে নদীতে স্রোত কমে গেলে চলতে পারবে ছোট ফেরি সন্ধ্যা মালতি।
তবে ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর নাগাদ অপেক্ষমাণ শতাধিক ট্রাক পারাপার সম্পন্ন হবে।
আনন্দবাজার/এস.কে









