- ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের উপরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল হাই বাদি হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। ইতোমধ্যে ৭ নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ৭ নারী হলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন, আল মাহমুদের স্ত্রী ঝরনা খাতুন, হুমায়ুন কবিরের স্ত্রী ওজুফা বেগম, নজরুল ইসলামের স্ত্রী খুশি আরা, আনসার আলীর স্ত্রী মালেকা খাতুন, জামাল পরামানিকের স্ত্রী আকলিমা খাতুন ও আব্দুল আলীমের স্ত্রী সাফিয়া খাতুন।
সোমবার শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত বলেন, রাতে মামলা হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে ৭ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় অযথা কেউ হয়রানির শিকার হবে না জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদেরকেই গ্রেপ্তার করা হবে। এছাড়াও তারা রাস্তার ওপরে গাছের গুড়ি পুতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল তা অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে যাওয়ার সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান উপর এলাকাবাসী অতর্কিত তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর গাড়ী ভাংচুর করে এবং হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হন, তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে।









