নীলফামারীর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে বহুতল ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকায় ফিতাকেটে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা রেলওয়ে পুলিশ হেড কোয়াটার্সের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল দিদার আহম্মদ।
উদ্বোধনকালে তিনি বলেন, চলন্তট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলের ৬ জেলায় প্রশিক্ষিত জনবল তৈরি করছে রেলওয়ে পুলিশ। তিনি আরও বলেন, ট্রেনে পাথর ছুঁড়লে শুধু আহত ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হন না, বিপর্যয়ের মুখে পড়ে একটি পরিবার। এ বিষয়ে রেল লাইনের উভয়পাশে বসবাসকারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। পাশাপাশি ট্রেনের নিচে যে সকল অপমৃত্যুর ঘটনা ঘটছে। এটাও তদন্ত বিষয়ে জোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মমতাজুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, রেলওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তোবারক আলী, ইন্সপেক্টর রেলওয়ে পুলিশ (আইআরপি) ফিরোজ কবির ও নীলফামারী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেলওয়ার মাহফুজ সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা।
গণপূর্তবিভাগ সূত্র জানায়, নীলফামারীর রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে বহুতল ব্যারাকের ৬তলা ভিত্তির চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ টাকা। উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর এ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলওয়ে পুলিশ হেড কোয়াটার্স এর তৎকালীন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ আবুল কাশেম। মেসার্স কনভয় এন্টারপ্রাইজ এবং ইঞ্জিনিয়ার বিল্ডার্স নামে দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির নির্মাণ কাজ সম্পন্ন করে। আর নীলফামারী গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করেন।
আনন্দবাজার/শহক









