চলতি বছরেই উদ্বোধন হবে দেশের তিন মেঘা প্রজেক্ট পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেলের। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর বেশি দেরি নয়, চলতি বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেলও। একইসঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে ইনশাআল্লাহ।
সেতুমন্ত্রী আরও বলেন, এরপরও সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটি তাদের গাত্রদাহের কারণ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে হাসুমণির পাঠশালা। হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।









