সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ) সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে আটক করা হয়েছে।
আটকৃত মাহতাব উদ্দিন তালুকদার (৪০) এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক। গতকাল সোমবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাত ১২টার দিকে জেলার ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাংসদের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বাদী মামলার এজাহারে অভিযোগ করেছেন যে মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়।
আনন্দবাজার/রনি








