নাগরিকদের মশার যন্ত্রনা থেকে বাঁচাতে মশক নিধন অভিযান পরিচালনা শুরু করেছে দর্শনা পৌরসভা। গত সোমবার থেকে এ মশক নিধন অভিযান পরিচালনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিয়ে চতুর্থ দিনের মতো মশক নিধন অভিযান বলে জানিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র- ১) রবিউল হক সুমন।
তিনি বলেন, শীতের শুরুতেই মশার প্রজনন বেড়ে যায়। আমাদের পৌরসভার ফগার ম্যাশিন নষ্ট হওয়ার কারনে আমরা অভিযান চালাতে পারিনি। ৭টি ওয়ার্ডে মশা নিধন অভিযানের ওপর জোর দিয়েছি। পৌর এলাকা মশামুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। নির্দিষ্ট কোনৈ সময় নয় আমাদের এ অভিযান চলমান থাকবে।
জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্যানেল মেয়র বলেন,বর্তমানে ডেঙ্গু নিয়ে একটা ভয় কাজ করছে সকলের মধ্যে। তাই আমি পৌর এলাকার সকল নাগরিকের অনুরোধ করবো বাড়ির আঙিনা ও আশেপাশের জায়গার পরিস্কার পরিচ্ছন্ন রাখুন যাতে মশার প্রজনন না হয়। নাগরিক সচেতনতার অভাব থাকায় মানুষ যত্রতত্র পলিথিনের ব্যাগ, ডাবের খোসা, বোতল, ক্যান, পরিত্যক্ত টায়ার বা বিভিন্ন ধরনের পাত্র ফেলে রাখে। সেগুলোতে মশা অনায়াসে বংশবিস্তার করতে পারে। এ ছাড়া অনেক বাড়ির ছাদে, বারান্দায় ফুলের টব রাখা হয় এবং সেগুলোতে পানি জমে থাকে। অনেকের ঘরেও ছোটখাটো পাত্রে পানি জমিয়ে রাখা হয়। এগুলো নিয়মিত খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি।
পৌরসভা সূত্র জানিয়েছে, গত সোমবার থেকে শহরের থানা পাড়া, কাস্টমস কোয়ার্টার, ইসলামবাজার, পুরাতন বাজার ও কেরু এন্ড কোম্পানির পুরো ক্যাম্পাস জুড়ে এ অভিযান চালানো হয়। আর আগামী রোববার থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হবে।









