দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল ( ১৬ এপ্রিল) বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এ ঘোষণা করা হয়।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত করোনা ভাইরাসের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অতি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে রাজধানী ঢাকার ৩টি ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস ( কোভিট-১৯) ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের জানান, গতকাল ( ১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা সেইভাবেই প্রস্তুতি নেব। শুক্রবার (১৭ এপ্রিল) থেকেই এই প্রস্তুতির কাজ শুরু হবে। আর এই কাজ শুরু করার পর অন্তত ৪/৫ দিন সময় লাগবে।
তিনি আরো বলেন, পাঁচ’শ (৫০০) বেডের এই হাসপাতালে বর্তমানে ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছে, প্রয়োজনে এসব রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে এবং কোন রোগী ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে। এখন থেকে এখানে শুধুমাএ করোনা ভাইরাস ( কোভিট-১৯) দ্বারা সংক্রমিত রোগী ভর্তি হবে।
আনন্দবাজার/শহক/সবু








