করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা মাদারীপুরের শিবচর উপজেলার তিন জনের শরীরে নতুন করে আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ইতালি ফেরত যুবকের সংস্পর্শে গিয়েছিলেন। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালি ফেরত ওই যুবকের স্ত্রী, শাশুড়ি ও একজন বন্ধু।
এছাাড়া সেখানে নতুন করে আক্রান্ত শনাক্ত হয় একজন। তিনি ইতালি ফেরত যুবকের শ্বশুর। এই চারজনের মধ্যে তিনজনকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। ইতালি ফেরত যুবকের স্ত্রীকেও একই হাসপাতালে আনা হচ্ছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আগে ইতালি ফেরত যুবকের সংস্পর্শে তার স্ত্রী, শাশুড়ি ও বন্ধু করোনায় আক্রান্ত হন। তারা সুস্থ হওয়ার তাদের বাড়িতে এক মাসের জন্য কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এক মাসের মধ্যে তাদের শরীরে আবার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। সেখানে আগের তিনজনের (স্ত্রী, শাশুড়ি ও বন্ধু) করোনাভাইরাস পজিটিভ আসে। তাদের মধ্যে ইতালি ফেরত যুবকের শাশুড়ি ও বন্ধুকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আর তার স্ত্রীকে বাড়ি থেকে হাসপাতালে আনা হবে। এ ছাড়া নতুন করে ইতালি ফেরত যুবকের শ্বশুরও আক্রান্ত হয়েছেন।
আনন্দবাজার/তা.তা









