নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের কাজ চলছে। এসব কোচ দিয়ে আসন্ন ঈদুল ফিতরের বিশেষ ট্রেন চালু ও বাকি কোচ নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ হিসাবে সংযোজন করবে কর্তৃপক্ষ।
জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো ও ঈদের পর কর্মস্থলে ফেরার জন্য যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৫০টি কোচ মেরামতের কাজ চলছে। এসব কোচ দিয়ে বিশেষ ট্রেন চালু ও বাকি কোচ নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে সংযোজন করবে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিকদের জন্য অতিরিক্ত কাজের ওভারটাইম দেবে রেলপথ মন্ত্রণালয়।
সূত্র মতে, বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৬৩২ জন। বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনবলের বিপরীতে কর্মরত রয়েছেন ১৪৮ জন। মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের মধ্যে রয়েছে চরম উদ্দীপনা। সেই উদ্দীপনাকে পুঁজি করে রেলসেবা বাড়াতে আমাদের নানা পদক্ষেপ রয়েছে। ঈদে উপলক্ষ অতিরিক্ত ৫০টি যাত্রীবাহী কোচ মেরামতের কাজ চলছে। পরে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। যা ঈদের বিশেষ ট্রেন ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ হিসাবে সংযুক্ত করা হবে।









