গাজীপুর কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার রাতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। এই ঘটনায় স্বামী আকবর হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। নিহত আঁখি আক্তার(২৩) ভোলা জেলার রামদাসপুর এলাকার মহাবুবুর আলমের মেয়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই উপজেলার রামদাসপুর এলাকায় আমির হোসেন ছেলে আকবর হোসেন(২৬)। সে পল্লীবিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসার ভাড়াটিয়া। স্বামী সবজি বিক্রেতা ও স্থানীয় কারখানার গার্মেন্টস শ্রমিক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে পারিবারিকভাবে দুইজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে ঝগড়া চলছিল। এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে গতকাল রাতে স্বামী শিলপাটা দিয়ে থেঁতলে স্ত্রী আঁখি আক্তার কে গুরুতর আহত করে। এ সময় তার ডাকচিৎকার এলাকার লোকজন এগিয়ে আসলে ও ততক্ষণে সে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী তার স্ত্রীকে খুন করেছে স্বীকার করেছেন। তাকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।









