নওগাঁর মান্দায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা অফিস ফাঁকি দিয়ে সেবা প্রত্যাশীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন। তারা নিয়মিত অফিস না করায় ব্যাহত হচ্ছে সেবার মান।
অভিযুক্তরা হলেন ভারশোঁ ইউপির দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শক এ কে আজাদ, পরিবার কল্যাণ সহকারী ফ্লোরা ইয়াসমিন, নুরুন্নাহার খাতুন ও আঞ্জুয়ারা এবং স্বাস্থ্য সহকারী মানিক কুমার।
অভিযুক্তরা নিয়মিত অফিস না করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
জানা গেছে, ভারশোঁ কমিউনিটি ক্লিনিকে অভিযুক্ত ব্যক্তিরা প্রতি সপ্তাহে তিনদিন ক্লিনিকে বসে স্বাস্থ্য সেবা প্রদান বাধ্যবাধকতা থাকলেও তারা সপ্তাহে অথবা মাসে মাত্র একদিন বসেন।
প্রতি মাসে ইউপিতে পরিবার পরিকল্পনা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠানের নিয়ম থাকলেও পরিবার পরিকল্পনা পরিদর্শক এ কে এম আজাদ অধিকাংশ সময় অংশগ্রহণ করেন না।
তাছাড়াও তাদের বিরুদ্ধে পাইলট প্রকল্পভুক্ত ভারশোঁ ইউপির জন্ম নিবন্ধন কাজে অসহযোগিতা করারও অভিযোগ রয়েছে।
আনন্দবাজার/এস.কে









