পিরোজপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ করেই ব্যাটারী চালিত অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ ঘোষণা করায় পায়ে হেটেই কর্মস্থলে যাচ্ছেন মানুষ। অপরদিকে উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অটোরিকশা চালকরা।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই এমন দৃশ্য দেখা যায় পিরোজপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায়। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও ব্যাটারি চালিত অটোরিকশা সমিতির সভাপতি মজনু তালুকদার। পিরোজপুরে বিভিন্ন এলাকা থেকে কর্মজীবি মানুষ সকাল থেকেই পায়ে হেটেযোগ দিচ্ছেন কর্মস্থলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ কর্মজীবিরা।
পথচারী নিয়াজ মোর্শেদ বলেন, হঠাৎ করেই ব্যাটারি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ খেটে খাওয়া জনগণ। ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারবো কিনা জানিনা। গাড়ি না থাকায় হেঁটেই যেতে হচ্ছে।
অটো ড্রাইভার মন্টু শেখ বলেন, এ অটো চালিয়ে আমাদের সংসার চলে। আমরা কয়ডা খেয়ে পড়ে বেঁচে আছি। হঠাৎ করেই সরকারের এ সিদ্ধান্ত আমাদের সত্যিই বিপদে ফেলেছে। আমরা গাড়ি না চালাতে পারলে খামু কি বাচমু কেমনে?
জেলা শ্রমিক লীগের সভাপতি ও ব্যাটারি চালিত অটোরিকশা সমিতির সভাপতি মজনু তালুকদার বলেন, জেলার বাস মালিক সমিতি রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা বাঁধা দেওয়ার কারণেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
আনন্দবাজার/শহক









