তুরস্কে এক স্কুলে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক কিশোর অন্তত চারজনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছে।
পরে হামলাকারী কিশোর নিজেও নিজের অস্ত্র ব্যবহার করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে বুধবার, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর মুকেররেম উনলুয়ে, এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ছাত্র স্কুলে আসার সময় ব্যাগের মধ্যে করে তার বাবার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লুকিয়ে নিয়ে আসে। এরপর ক্লাসরুমে ঢুকে হঠাৎ করেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
গভর্নর আরও জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন এবং হামলাকারী কিশোর নিজেও নিজের গুলিতে নিহত হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।









