ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সাভার-আশুলিয়া ও আশপাশের শিল্পাঞ্চলে শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহক সবাইই এই বিরতিতে পড়বেন। আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল ও লতিফপুরসহ পাশের এলাকাগুলো।
তিতাস জানিয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সঙ্গে এসব এলাকার বাসিন্দাদের বিকল্প ব্যবস্থায় রান্না ও জরুরি প্রয়োজন সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।









