তুরস্কে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। বৈঠকটি অনুষ্ঠিত হয় আন্তালিয়া কূটনীতি ফোরামের পার্শ্ব বৈঠকের অংশ হিসেবে।
বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশেষভাবে অনুরোধ জানান, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল সহজ করতে ইরান যেন মধ্যস্থতামূলক ভূমিকা রাখে। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে ইরান যে অনুমতি দিয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৃতজ্ঞতার বিষয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও ধারাবাহিক অবস্থান তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভবিষ্যতে সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।
বৈঠক শেষে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করেন এবং পরে রাতে বাংলাদেশকে জানান, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশ ভবিষ্যতেও এ বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে বলে সম্মত হয়।









