ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এমন বিধ্বস্ত পরিস্থিতিতে খামেনির উত্তরসূরি নির্বাচন করেছে ইরান। তবে ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল।
বুধবার (৪ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হুঁশিয়ারি দেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যেকোনো নেতাকেই তারা হত্যা করবেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা।
মঙ্গলবার (০৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নিতে ইরানি শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত করুক, তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন না কেন, এটা ঘটবে।









