কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল জেলার বাসিন্দা সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)। এর মধ্যে সিফায়েত ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বিকাশের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়া বহনকারী একটি পিকআপ নড়াইলের দিকে যাচ্ছিল। পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে নিয়ম না মেনে যানবাহন দাঁড় করানো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।









