ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠাতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ১২ মার্চ সংসদের যাত্রা শুরু হওয়ার আগেই ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। এমনকি সরকারের মন্ত্রিসভার অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীও এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
সূত্র বলছে, নতুন সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালি এবং মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। এ কারণে কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা নতুনদের কাছে তুলে ধরবেন। মূলত সরকার পরিচালনায় দক্ষতা বাড়ানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
দলীয় সূত্র আরও জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।
বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬ মার্চ দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য।
দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।









