জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং জাকাত বোর্ড পুনর্গঠনের লক্ষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাকে অন্তর্ভূক্ত করে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। পরবর্তীতে জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এ কমিটি প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।
এর আগে গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার ওই বক্তব্যের প্রেক্ষাপটেই যাকাত ব্যবস্থাপনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য কমানো সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।









