কুমিল্লার হোমনায় অটোরিকশায় করে স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার হোমনা কৃষি কলেজ সংলগ্ন একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাতে তারা একটি অটোরিকশা যোগে হোমনা থেকে তিতাস উপজেলায় ওই নারীর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হোমনা কৃষি কলেজ এলাকা পার হওয়ার সময় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার সহযোগীরা অটোরিকশাটির গতিরোধ করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাটিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান। সেখানে আশিকুর ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন এবং অন্যরা তার স্বামী ও অটোরিকশা চালককে ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে নিয়ে যান। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরবর্তীতে অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে ওই দম্পতি প্রথমে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে থানায় গিয়ে অভিযোগ জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে ভুক্তভোগী নারী ও তার স্বামী থানায় এসে বিষয়টি অবগত করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাদের নিয়ে অভিযানে নামে, তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় আশিকুর রহমানের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।









