সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার অত্যন্ত উদার ও সক্রিয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা প্রয়োজন। নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স চালুর মাধ্যমে তাদের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের বিশেষ করে নারী সদস্যদের জন্য ইউএনডিপির সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিনিময়ের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এছাড়া সংসদে ডিজিটাইজড লাইব্রেরি, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব প্রিন্টিং ও প্রেস স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় সংসদের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মতামত বিনিময় করেন। এই পরিস্থিতিতে তারা ইউরোপের দেশগুলো যেমন- যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।









