ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া জানিয়েছেন, ঘটনার ২-৩ দিন আগে তিনি সর্বশেষ ফয়সাল করিমকে দেখেছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রিমান্ড শুনানিতে আদালতে তিনি এ তথ্য জানান।
সামিয়া বলেন, ঘটনার কয়েকদিন আগে ফয়সাল তার বাসা থেকে কাপড় নিয়ে গিয়েছিলেন। এর বাইরে তার সম্পর্কে কিছুই জানেন না। সামিয়া আরও বলেন, ফয়সাল সাধারণত রাতভর বাসায় থাকতেন না, সকালেই ফিরে আসতেন এবং ঘটনার আগে তার সঙ্গে ছিলেন না। হামলার দিন ফয়সাল মারিয়া আক্তার লিমার সঙ্গে ছিলেন।
মামলায় ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠানোর অনুমোদন দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। রিমান্ড শুনানিতে লিমা আদালতকে জানিয়েছেন, কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল তাকে টাকা দিতে চেয়েছিলেন।
এর আগে বিকেলে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আসার পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় এবং হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় তার উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে ঢাকার এভায়ারকেয়ার হাসপাতাল থেকে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। গুলির ঘটনায় সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।









