জাতীয় সংসদে দেশের চলমান জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সরকারের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের বৈপরীত্যের অভিযোগ তুলে বলেন, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।
রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সরকার বারবার দাবি করছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। তার ভাষায়, রাস্তায় তেলের জন্য তিন কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। চালকরা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। যদি সংকট না-ই থাকে, তাহলে এই দীর্ঘ সারি কেন? কেন তেলের দাম বাড়ানো হচ্ছে?
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন তিনি। বিশেষ করে বাজার রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধ রাখার সিদ্ধান্তকে তিনি ‘অদূরদর্শী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ সাধারণত সন্ধ্যার পরেই কেনাকাটা করেন, ফলে এ ধরনের সিদ্ধান্ত জনগণের ভোগান্তি আরও বাড়াতে পারে।
এছাড়া অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের বিষয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে গণমাধ্যমে সংকট নেই বলে যে দাবি করা হচ্ছে, তার সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
সংসদের মাধ্যমে তিনি সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কত দিনের, কেন পেট্রল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ নেই এবং তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
তার এই বক্তব্যে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।









