পাবনার চাটমোহরে ঢাকাগামী এক চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন রেলওয়ে জিআরপি পুলিশ সদস্য সোহেল রানা (৪০)।
শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চাটমোহর রেল স্টেশনের ২ নম্বর লাইনে এই ঘটনা ঘটে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ হাতে পা পিছলে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান।
আহত পুলিশ সদস্য সোহেল রানা দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস ট্রেন মুলাডুলি স্টেশনে ক্রসিংয়ের কারণে অপ্রত্যাশিত বিরতি নিলে, পুলিশ সদস্য ট্রেন থেকে নামেন। ট্রেন ছেড়ে যাওয়ার পর তিনি দৌড়ে আবার ট্রেনে উঠার চেষ্টা করেন, কিন্তু দরজার হ্যান্ডেল ধরে ঝুলতে গিয়ে হাত পিছলে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।
চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম জানিয়েছেন, চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানিয়েছেন, আহত পুলিশের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার জটিলতা থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।









