ঈদুল ফিতরের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ সোমবার।
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এরই মধ্যে অনেকেই পরিবার-পরিজনকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আজ অফিস শেষে অনেকে নিজেও গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটির সূচি নির্ধারণ করেছে সরকার।
গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ছিল। এ বছরও একইভাবে যাত্রা স্বস্তিদায়ক রাখতে ছুটির বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।









