জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় এবার জীবনের সেরা ঈদ উদযাপন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এ কথা বলেন।
এসময় কমিশনার জানান, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ অন্য কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবে কমিশন।
এসময় নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন- রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নেতৃবৃন্দের সঙ্গেও আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব।









