আসন্ন ঈদযাত্রাকে ঘিরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার পাশাপাশি রুট পারমিট বাতিলের কথা জানিয়েছেন রেলপথ ও নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এ কথা বলেন তিনি।
‘এবার মানুষের স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা হয়েছে। ঈদযাত্রাকে ঘিরে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে’, বলছিলেন সেতুমন্ত্রী।
নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে। বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, যোগ করেন তিনি।
মন্ত্রী আরও জানাচ্ছিলেন, হাইওয়ের ওপর বাজার, যত্রতত্র পার্কিংয়ের কোনো সুযোগ থাকবে না। আর ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় উঠতে পারবে না।
ঈদের আগে ও পরে অন্তত চারদিন নিত্যপ্রয়োজনীয় এবং পচনশীল জিনিস ছাড়া ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি টোল প্লাজায় যানজট ঠেকাতে বিশেষ ধরনের টিকিটের ব্যবস্থা করা নিয়ে আলোচনা চলছে। এ সময় বসিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।









