পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা আরও জোরদার করতে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পরিবেশমন্ত্রী বাংলাদেশের বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চলমান কার্যক্রম আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দেশের যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়াও তিনি বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং একটি সবুজ অর্থনীতি গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









