২০২৬ সালের প্রথম দিনেও ঢাকা বায়ুদূষণ থেকে মুক্তি পায়নি। বছরের প্রথম সকাল থেকেই রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দশম স্থানে অবস্থান করছিল।
ঢাকার বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৭৭, যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এই তালিকায় শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো, যার স্কোর ৩৭০। দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩১৩।
একিউআই স্কোরের মান অনুযায়ী ০ থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
বায়ুদূষণজনিত কারণে প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে দেখা দেয়, যা ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।









