তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার টেলিফোনে আলাপকালে তারা এ বিষয়ে একমত হন বলে ক্রেমলিন জানিয়েছে।
এএফপি জানায়, এক মাসের বেশি আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরে এমন সমাধানের ওপর জোর দিয়েছেন, যা সংশ্লিষ্ট সব দেশের বৈধ স্বার্থ রক্ষা করবে। তারা সতর্ক করেন, এ সংঘাত জ্বালানি, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলছে।
আলোচনায় কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা হয়। এ সময় রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন রাশিয়া-তুরস্ক সংযোগকারী গ্যাস পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে। গ্যাজপ্রম জানায়, বৃহস্পতিবার ‘তুর্কস্ট্রিম’ পাইপলাইনে ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশ গ্যাস পায়।
রাশিয়ার দাবি, মার্চসহ একাধিকবার এ ধরনের হামলার চেষ্টা হয়েছে। অন্যদিকে, দীর্ঘ চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ ছাড়াই দুর্ভোগে রয়েছে।









