ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটি জানিয়েছে, সংঘাতে জড়িত কোনো পক্ষকেই তারা অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের যে খবর প্রচার হয়েছে, তা সঠিক নয়। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনকে সরাসরি নাকচ করেন।
রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিএনএনের তথ্যে বলা হয়েছিল তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। তবে এই তথ্যকে ‘অসত্য’ বলে অভিহিত করেছেন চীনা কূটনীতিক।
লিউ পেংইউ বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উত্তেজনা বাড়ানোর পরিবর্তে পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত।
এদিকে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, উভয় দেশ বেশ কিছু বিরোধপূর্ণ ইস্যুতে অগ্রগতি অর্জন করেছে এবং তেহরানের ১০ দফা প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে তেহরান জানিয়েছে, তাদের ওপর নতুন করে হামলা না হলে তারা প্রতিরক্ষামূলক হামলা বন্ধ রাখবে। এ প্রেক্ষাপটে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়।









