জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্র এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের পর উত্তর-পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে সানরিকু উপকূলের বাইরে সমুদ্র এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৪ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে, যা ভূ-কম্পনজনিত দিক থেকে তুলনামূলকভাবে অগভীর এবং তাই এর প্রভাবও ছিল বেশি তীব্র।
জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে এটিকে ‘আপার ৫’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই মাত্রার কম্পনে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং দুর্বল কাঠামোর ভবন বিশেষ করে ইট বা কংক্রিটের দেয়াল ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়।
ভূমিকম্পের পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামি ঝুঁকি বিবেচনায় সতর্কতা জোরদার করেছে।









