জনগণের চাহিদার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি জানান, জ্বালানি তেল ও গ্যাস খাতে যেন কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জনগণের পক্ষ থেকে চাহিদা এসেছে, সেই প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি দাবি করেন, এটি মূলত জনগণের ডিমান্ডের ফলেই নেওয়া সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, গুম-সংক্রান্ত ঘটনায় জড়িত অনেকেই এখনো দেশেই অবস্থান করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা বা রিমান্ডে নেওয়া হচ্ছে না। তার মতে, এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হলে বিএনপির নিখোঁজ নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
গুম সংক্রান্ত আইন বা অধ্যাদেশ প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে কিছু ফাঁকফোকর রয়েছে, যা সংশোধন করে আরও কার্যকর ও মানবিক আইন প্রণয়ন করা প্রয়োজন। তার ভাষায়, ভবিষ্যতে এমন আইন তৈরি করতে হবে যা গুমের মতো নিষ্ঠুরতা রোধ করবে এবং মানবতার পক্ষে থাকবে।









