পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্ভাব্য তারিখ নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চলতি বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা বেশি, ফলে ঈদ উদযাপিত হতে পারে শুক্রবার (২০ মার্চ)।
এ বিষয়ে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৯তম রমজানের সন্ধ্যায় আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পরদিনই ঈদ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তার ব্যাখ্যা অনুযায়ী, যদি নির্ধারিত দিনে চাঁদের দেখা না মেলে, তাহলে পরের দিন অর্থাৎ ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। সে হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই ওই দিন ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপরই। সংশ্লিষ্ট দেশগুলোর চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হবে ঈদের নির্দিষ্ট তারিখ।
প্রতি বছরের মতো এবারও ধর্মীয় বিধান অনুযায়ী আকাশে চাঁদ দেখার ভিত্তিতেই নির্ধারিত হবে ইসলামি মাস শাওয়ালের সূচনা এবং মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনক্ষণ।









