শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াতপন্থী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের ওপর প্রভাব বিস্তার, জোরপূর্বক সিলমারা এবং প্রতিবাদ জানালে কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, সরকারি দলের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। শেরপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেছিলেন, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভোটের শেষ সময়ে এসে বর্জনের ঘোষণা দেওয়া নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ চলছে।
আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছিল। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামায়াত ও বিএনপি থেকে মনোনয়ন পান মাহমুদুল হক (রুবেল)। এছাড়া বাসদ থেকে মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।









