বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।
তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান পাম্পিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। সর্বশেষ চালানসহ এ মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।









