যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে। তার এমন মন্তব্যের প্রতিবাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ কখন শেষ হবে সেটি নির্ধারণ করবে ইরান।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন আর এক সপ্তাহের মধ্যে হয়ত যুদ্ধ শেষ হবে।এর জবাবে বিপ্লবী গার্ড বললেন, “যুদ্ধ কবে শেষ হবে সেটি নির্ধারণ করব আমরা। এ্ই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যত এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন সেনারা এ যুদ্ধ বন্ধ করতে পারবে না।”
গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।
এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বললেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।









