পিলখানার ঘটনার মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংসদের বিরোধীদলীয় নেতা বলেছেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে। এই ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
জাতি প্রকৃত সত্য জানতে চায় উল্লেখ করে সংসদ সদস্য আরও বলেন, জামায়াত কখনও দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে।
ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জাতি চায় দেশে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না। দেশের সব মানুষের প্রতিও আমাদের একই কমিটমেন্ট।
অনুষ্ঠানে পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, শহিদ পরিবারের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না।









