গণমাধ্যমে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ৯২ জন বিশিষ্ট ব্যক্তি সরকারের দায়িত্বপালনের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা প্রকাশ্য দিবালোকে হওয়া সত্ত্বেও প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতার পরিচায়ক।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার জুমার নামাজের পর পল্টন এলাকায় জামিনে থাকা ছাত্রলীগের সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান শরিফ হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। ঘটনার ৯৬ ঘণ্টা পার হলেও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। বরং প্রশাসন ও সরকারের কর্তৃপক্ষ বিভিন্ন কৌশল ও প্রচারের মাধ্যমে অবহেলাকে আড়াল করার চেষ্টা করছে।
বিশিষ্টজনরা সরকারের প্রতিকারহীনতা ও প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে বলেছেন, ওসমান হাদির উপর হামলার পর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং গ্রামের বাড়িতে চুরির মতো ঘটনা ঘটেছে, যা সরকারের গোয়েন্দা ব্যর্থতারই প্রমাণ। তারা আরও দাবি করেছেন, গত দেড় বছর ধরে জুলাই জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “পরাজিত ও পতিত, ভারতীয় সহায়তাপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বারবার জুলাই জনতার উপর চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনা করছে। তারা আমাদের হত্যা হুমকি দিচ্ছে।” তাই তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, ওসমান হাদির পরিবার, সহকর্মী ও জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে।
বিবৃতিতে নাম উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন: নিয়াজ আহমেদ খান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য), সালেহ হাসান নকিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য), তাসনীম সিরাজ মাহবুব, সামিনা লুৎফা, মোহাম্মদ শরিফুল ইসলাম, ড. কামরুল হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়), খাদিজা মিতু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড. মো. নাজমুস সাদাত (খুলনা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।









