হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়নের একটি ঘটনা শনাক্ত করে জব্দ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সাফজয়ী খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি গেটের সামনে ভিডিও ধারণের সময় ‘DJI Mavic 4 Pro’ মডেলের একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেবিচকের পূর্বানুমতি ছাড়া ড্রোনটি উড্ডয়ন করা হচ্ছিল, যা বিধি-বিধানের পরিপন্থি। ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ হওয়ায় এখানে অনুমতি ছাড়া ড্রোন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বেবিচক জানিয়েছে, এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারে সবাইকে বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।









