কুড়িগ্রামের আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজুর জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ আবারও চালু হয়েছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকেই পেজটি আবার সক্রিয় অবস্থায় দেখা যায়। এর আগে রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হয়তো হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে মাত্র একদিনের ব্যবধানে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। এ সময় পেজে সক্রিয় হয়ে লাইভেও আসেন তাজু।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তাকে বিব্রত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তার সরলতাকে ব্যবহার করে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পেজ ফিরে পাওয়ার পর তাইজুল ইসলাম তাজু বলেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, সকাল থেকেই পেজটি সচল রয়েছে এবং তাজু লাইভও করেছেন। কী কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পেজ ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।









