মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না।
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ গৌরবের অধ্যায় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেছেন, আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।
সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে বলে অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে এই সংসদ সদস্য দাবি জানান, ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।









