দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হতে চলেছে। নিত্যপণ্যের দামের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির রমজান শেষে দুয়ারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। পশ্চিম দিগন্তে নতুন বাঁকা চাঁদের দেখা পেলেই শুরু হবে ঈদ উৎসব। একটি সফল নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরুর পর মব আতঙ্কমুক্ত পরিবেশে এবারের ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শুক্রবার, নাকি পরদিন শনিবার, তা জানা যাবে আজ সন্ধ্যায়। আজ বৃহস্পতিবার দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল উদযাপিত হবে আনন্দের ঈদ, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। আর আজ চাঁদ দেখা না গেলে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার।
এই উৎসবের মধ্যেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ, যুদ্ধাক্রান্ত মুসলিম দেশগুলোতে প্রতিদিন প্রাণক্ষয়, বাস্তুচ্যুতি এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের আশঙ্কা এবার কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের অনিশ্চিত পরিস্থিতি নিয়েও অনেকের কপালে চিন্তার ভাঁজ। তবু দেশে এই উৎসব আয়োজনের কমতি নেই। প্রিয়জনের সঙ্গে
রমজানের এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন জামাতে নামাজ আদায়, শুভেচ্ছাবিনিময় এবং সাধ্যমতো ভালোমন্দ খেয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করে সারা বিশ্বের মুসলিমরা। ঈদের দিন সকাল সকাল গোসল করে পরিচ্ছন্ন পোশাক পরে এবং সুগন্ধি মেখে ঈদগাহে বা মসজিদে যায়।
সেখানে সব শ্রেণির মানুষ এককাতারে ঈদের নামাজ আদায় করে। নামাজের পর চলে কোলাকুলি, যা ভ্রাতৃত্বের প্রতীক। ঈদগাহ থেকে ফিরে চলে পরিবার, প্রতিবেশী ও আত্মীয়-স্বজন নিয়ে খাওয়াদাওয়ার পালা। চলে স্বজন, বন্ধুদের বাড়ি বা বিনোদনস্থলে বেড়াতে যাওয়া। এভাবে একই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক আনন্দ উপভোগের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদের দিনটি।









